মঙ্গলবার অমিত শাহের রোড শো কে কেন্দ্র করে বিজেপি তৃণমূলের সংঘর্ষে কলকাতা বিশ্ববিদ্যালয় ও বিদ্যাসাগর কলেজে যে লজ্জাজনক পরিস্থিতি তৈরি হয়েছে তাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সারা রাজ্যে। তারই প্রতিবাদে বুধবার সকাল ১১ টায় কলকাতার কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির সামনে থেকে হেদুয়া পর্যন্ত এক বিশাল ধিক্কার মিছিল করেন বামফ্রন্ট।
এদিন নির্বাচনী প্রচারে বিজেপির অমিত শাহ এর তত্ত্বাবধানে রোড শো করতে গিয়ে তৃণমূল ও বিজেপি বহিরাগত দুষ্কৃতীদের সংঘর্ষের ফলে আক্রান্ত হয় অনেক ছাত্র-ছাত্রী।
ভেঙে দেওয়া হয় কলেজের জিনিসপত্র ও ভাঙ্গা হয় গেট। আগুন ধরিয়ে দেয়া হয় মোটরসাইকেল, পাশাপাশি ভেঙে দেয়া হয় বিদ্যাসাগর কলেজের ঐতিহ্যমন্ডিত বিদ্যাসাগরের মূর্তি।

এই ঘটনার তীব্র নিন্দা করে বুধবার এক মহা মিছিলে শামিল হয় রাজ্য বামফ্রন্ট। এদিনের এই ধিক্কার মিছিলে অংশগ্রহণ করেন সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাট, সূর্যকান্ত মিশ্র, বিমান বসু সহ বামফ্রন্টের প্রথম সারির নেতৃত্ব। তাদের দাবি এই লজ্জাজনক ঘটনার জন্য যারা দায়ী তাদেরকে খুঁজে বের করতে হবে। আর এই ঘটনা যেহেতু নির্বাচনী প্রচারের জন্য ঘটেছে তাই নির্বাচন কমিশনকেই দায়িত্ব নিয়ে বের করতে হবে প্রকৃত দোষী কে, বা কারা।
পশ্চিমবঙ্গের বুকে এ ধরনের লজ্জাজনক ঘটনা নির্বাচনের আগে কখনো ঘটেনি বলে জানিয়েছেন তারা। বামফ্রন্টের তরফ থেকে আরো জানানো হয় যে যেখানে যেখানে নির্বাচনী প্রচার চলবে সেখানেই প্রতিবাদ জানানো হবে এই ঘটনার। কলকাতা ছাড়াও রাজ্য জুড়ে চলছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বামপন্থীদের প্রতিবাদ মিছিল।